করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতার প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
গত ২৩ মার্চ (সোমবার) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, “২৫ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা।”
প্রধানমন্ত্রীর ভাষণে সারাদেশ লকডাউন করার কোনো সিদ্ধান্ত আসতে পারে কি-না? এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেছিলেন, “আমি এটুকু বলতে পারি, আমি যে দায়িত্বশীলতার কথা বলেছি, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিত হবে, কখন কী করতে হবে! আমি সকলের কাছে অনুরোধ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন। সরকারের প্রতি আস্থা রাখুন, যখন যেটা বলতে হবে যখন যেটা করতে হবে, যথাসময়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেছিলেন, “প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার, জাতির উদ্দেশে ভাষণে সেই করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন। এটাই প্রত্যাশা।”
এমবি





