গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত ৩ জনের নাম উল্লেখ সহ ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেছে পুলিশ।
নাম উল্লেখ থাকা তিন মৃত আসামি হলেন কারখানার বয়লার অপারেট আব্দুস সালাম, এরশাদ হোসেন ও মনছুরুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুর রশিদ বাদী হয়ে মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় এ মামলা করেন। মামলা নং ১২।
মামলায় বলা হয়, বয়লারের মেয়াদোত্তীর্ণ হওয়া ও ঝুঁকিপূর্ণ জানার পরও আসামিরা পরস্পরের যোগসাজশে তা চালু করেন। আসামিদের বিরুদ্ধে ৩০২, ৩০৭, ৩২৬, ৩৩৬, ৩৩৮ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী এএসআই আবদুর রশিদ বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুসারে মামলাটি দায়ের করেছেন তিনি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মামলায় যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। এ কারণে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাঁদের আসামি করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্তে যাঁদের নাম আসবে, মামলায় তাঁদের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
উল্লেখ্য, কাশিমপুর এলাকার নয়াপাড়ার মালটিফ্যাবস পোশাক কারখানায় গত সোমবার সন্ধ্যায় বয়লার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার হয়েছে। তিনজন নিখোঁজ আছেন। আহত হয়েছেন ৫৩ জন শ্রমিক-পথচারী।
এমএনজে





