প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে ওয়ান ইলেভেনের মতো ঘটনা যেন আর না ঘটে, সেই ব্যবস্থাই নিচ্ছে সরকার।’
রোববার দেশের উদ্দেশে যাত্রা করার আগে নিউইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় থাকার কুপ্রভাব যাতে দল ও সরকারে না পড়ে সে জন্যই দুর্নীতিবিরোধী অভিযান।’ এতে অনেকে অখুশি হলেও তার কিছুই করার নেই বলেও জানান শেখ হাসিনা।
জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগদানকালে সোমবার নিউইয়র্কে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পররাষ্ট্র মন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে চলমান দুর্নীতি বিরোধী অভিযানে অনেকেই অখুশী, কিন্তু কিছু করার নেই। দুর্নীতি করে কোনো অপরাধীই ছাড় পাবে না। এমনকি দলীয় লোক হলেও ছাড় পাবে না বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশে আর যেন ওয়ান ইলেভেন না হয়, সেকারণেই দুর্নীতি বিরোধী অভিযান চালানো হচ্ছে। আমরা সামাজিক বৈষম্য দূর করার জন্য কাজ করছি।এছাড়া উন্নয়ন প্রকল্পের সুফল নিশ্চিত করাটাও এই দুর্নীতি বিরোধী অভিযানের লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধুর খুনীকে ফেরত আনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে ফেরতের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছি।
এএস





