ঝিনাইদহে ৫ স্কুল শিক্ষার্থীকে অপহরণের ১ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার মির্জাপুর ব্রিজ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে।
উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়েছিলো।
হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামসুজ্জোহা জানান, হাটগোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী স্কুলে স্বাধীনতা দিবসে অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিল। হাটগোপালপুর এলাকার মহাসড়ক থেকে একটি সাদা মাইক্রোবাসে তাদের তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাদের ধাওয়া করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে অপহরণকারীরা মাগুরা সদর উপজেলার মির্জাপুর ব্রিজের ওপর শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, হাটবাকুয়া গ্রামের মজিদ ম-লের মেয়ে রুমী খাতুন (১১), মুন্নী খাতুন (৬), পদ্মাকর গ্রামের ইরফান আলীর মেয়ে সুমাইয়া (১০), হারুন মিয়ার ছেলে আরিফ হোসেন (১০) ও তিওরদহ গ্রামের ইবি মিয়ার ছেলে হৃদয় (১১) এই ৫ স্কুল শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল।
তাদের উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। অপহরণের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এমকে





