দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা বিএনপির দু’গ্রুপ একইস্থানে ও একই সময়ে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মার্মা বুধবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। তিনি জানান, সমাবেশের স্থান নিয়ে দু’গ্রুপই অনড় থাকায় আইন শৃংখলার অবনতির কথা চিন্তা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত এই ধারা জারি বলবৎ থাকবে বলে জানান তিনি।

জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির নবনির্বাচিত কমিটি (শহিদুল ইসলাম-কানন গ্রুপ) ও পূর্বের কমিটি (মমীন আলী-দেলোয়ার হোসেন গ্রুপ) শ্রীনগর বাজারে অবস্থিত যুবদল কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় একই সময়ে সমাবেশ আহবান করে।

এ নিয়ে দু’পক্ষই উপজেলা প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করে এবং নিজ নিজ অবস্থানে অনড় থাকে। শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান বাবু জানান, ১৪৪ ধারা জারি করার পর এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

এমএনজে