জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের একচ্ছত্র আধিপত্য সৃষ্টি করেছে বলে মন্তব্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রবিবার দুপুরে ধানমন্ডি কার্যালয়ে দশম জাতীয় সংসদের দ্বিতীয় থেকে ষষ্ঠ অধিবেশন নিয়ে ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এই মত দেয়।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সার্বিকভাবে সংসদের কার্যক্রমে আমরা হাতাশ। সংসদে সরকারি ও বিরোধী দলের উপস্থিতি গ্রহণযোগ্য নয়। সংসদীয় আচরণ থেকে ব্যাপক বিচ্যুতি হয়েছে। একটি দল বা জোট যাদের সংসদে উপস্থিত নেই, তাদের নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। প্রতিপক্ষের সমালোনা আগের সংসদের চেয়ে ১২ গুণ বেড়েছে।’
ড. ইফতেখার বলেন, ‘বিধি অনুসারে সংসদীয় কমিটিগুলোর মাসে একটি করে বৈঠক করার কথা থাকলেও গত এক বছরে সংসদীয় কমিটির বৈঠক হয়েছে মাত্র চারটি।’
এক প্রশ্নের জবাবে তিনি সংসদীয় বিরোধী দলের সমালোচনা করে বলেন, ‘আমাদের সংসদের বর্তমান ‘কথিত বিরোধী দল’ বিরোধী দলের ভূমিকা পালন করছে না। তাদের কথিত বিরোধী দল বলছি এ কারণে যে, তাদের দায়িত্ব ও অবস্থান এখনো স্পষ্ট নয়।’
টিআইবি নির্বাহী বলেন, ‘দশম সংসদ নির্বাচন আসলেই বিতর্কিত। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সব দলের অংশগ্রহণ ছাড়া কার্যত নির্বাচন হয় না। ফলে ওই নির্বাচনকে বিতর্কিতই বলতে হবে।’
সংবাদ সম্মেলনে ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন যৌথভাবে উপস্থাপন করেন গবেষক ফাতেমা আফরোজ, মোর্শেদা আক্তার এবং জুলিয়েট রোজেটি।
এআই





