শেরপুরে রোববার দুপুরে ভূমিকম্প হওয়ার কথা শুনে ঘর থেকে বের হতে গিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। আহত হয়েছেন আরও দু’জন।

এলাকাবাসী জানান, আবারো ভূমিকম্প হচ্ছে শুনে শেরপুর সদর উপজেলার বেতমারী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে হায়দর আলী ওরফে নান্টু (৭০) ঘর থেকে দৌড়ে বের হতে গিয়ে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে ভূমিকম্প শুরু হওয়ার সময় দৌড়ে বের হতে গিয়ে নালিতাবাড়ী গরকান্দা মহিলা আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী এলিনা বেগম সংজ্ঞাহীন হয়ে পড়ে। মাদ্রাসার অন্য ছাত্রীরা তাকে নালিতাবাড়ী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেইসঙ্গে নালিতাবাড়ী হিরন্ময়ী উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা ইসরাত জাহান পারভিন স্কুলের দোতালা থেকে দৌড়ে নামার সময় আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

বেতমারী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ