দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রতিকূল পরিবেশের মধ্যেও বিজিবির হস্তক্ষেপে সকল আইসিপি ও এলসিপি সচল এবং আমদানী-রপ্তানী কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির রংপুর সদর দফতরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান (জিপ্লাস)।

তিনি বলেন, ‘বিজিবি তার প্রধান দায়িত্ব সীমান্ত রক্ষা এবং চোরাচালান দমনের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে। এ কারণে বর্তমানে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি পূর্বের তুলনায় অনেক নিয়ন্ত্রণে আছে।’

সোমবার দুপুরে বিজিবির রংপুর সদর দফতরে সংবাদ সম্মেলনে একথা বলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান (জিপ্লাস)। ২০১৩ সালের ২০ জানুয়ারী প্রতিষ্ঠা লাভ করা বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের কার্যক্রম ও সফলতা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

মাহফুজুর রহমান জানান, ‘গত ৪ জানুয়ারি থেকে এ রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বেসামরিক প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে বিজিবির ৫২ প্লাটুন সদস্য মোতায়েন এবং ২২ প্লাটুন রিজার্ভ ফোর্স সড়ক পথে নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে। ১৮ জানুয়ারি পর্যন্ত রিজিয়নের সহায়তায় ৩১ হাজার ১০২টি যাত্রীবাহী বাস, ১ লাখ ৭ হাজার ৯শ ২টি পণ্যবাহি ট্রাক, ১ হাজার ৭শ ৪২টি অয়েল ট্যাংকার, ২৯ হাজার ৪শ ৭৭টি কাঁচামাল বোঝাই ট্রাক, ২৪ হাজার ৬শ ৭৬টি চাল বোঝাই ট্রাক বিভিন্নস্থানে নির্বিঘ্নে চলাচল করেছে। এছাড়া বিজিবির সহায়তায় ২৪টি যৌথ অপারেশন হয়েছে।’

২১৮ বছরের ইতিহাস সমৃদ্ধ এ বাহিনীর কর্মকৌশল এখন বহুমাত্রিক এবং দায়িত্ব কর্তব্যের পরিধি বহুধা বিস্তৃত উল্লেখ্য করে রিজিয়ন কমান্ডার বলেন, ‘সীমান্ত রক্ষা, সীমান্তবর্তী মানুষের জান-মালের হেফাজত, চোরাচালান দমন, সরকারের নির্দেশে আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালনসহ দেশের জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীর অধীনে থেকে যুদ্ধে অংশ নেয়াই বিজিবির মূল দায়িত্ব। এরই ধারাবাহিকতায় অত্র রিজিয়নের সকল কর্মকর্তা ও কর্মচারীর নিরলস প্রচেষ্টার ফলে গত বছরে বিজিবি অনেক সফলতা অর্জন করেছে।’

তিনি বলেন, ‘রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলার দায়িত্বপূর্ণ প্রশাসনিক এলাকা জুড়ে বিজিবি’র রংপুর রিজিয়ন সদস্যরা ৫টি ল্যান্ড কাস্টম পোর্ট (এলসিপি), ৪টি ইমিগ্রেশন চেক পোস্ট (আইসিপি) এবং ১২টি ক্যাটেল করিডোরে আমদানী ও রপ্তানীতে অর্থনীতির চাকা সচল রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।’

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর সদর দপ্তর সেক্টর কমান্ডার মো. জুলফিকার আলী, ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক মো. সামছুল মুহিত, রংপুর রিজিয়নাল ইন্টেলিজেন্ট ব্যুরো চীফ তানভীর আহমেদ জায়গীরদার প্রমুখ।
জেআই