সিরাজগঞ্জে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত স্বল্পমূল্যের ৬৫ বস্তা চাল ও ট্রাকসহ দু’জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার মিরপুর ওয়াপদা বাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার মাসুম হোসেনের ছেলে সোহাগ ও সদর উপজেলার শিয়ালকোল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাকিব।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, সরকারি খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি মূল্যের ৬৫ বস্তা চাল কড্ডা থেকে ট্রাকযোগে সিরাজগঞ্জে আনা হচ্ছিল।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মিরপুর ওয়াপদা বাঁধে অভিযান চালিয়ে চাল ও ট্রাকসহ দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে।

আটকদের জিজ্ঞাসাবাদের পর চালগুলো কোথা এসেছে তা জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএনজে