বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন। আগামী ৩০ ডিসেম্বর শেষ হবে এ সম্মেলন।

সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক আগামী শুক্রবার সকাল ১০টায় রাজধানীর পিলখানা বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে শুরু হবে।

সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে বিএসএফ মহাপরিচালক শ্রী দেবেন্দ্র কুমার পাঠক, আইপিএস এর নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছাবে।

প্রতিনিধিদলে বিএসএফ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি, ভারত সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ রয়েছেন।

অপর দিকে সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এর নেতৃত্বে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

সীমান্ত সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট স্টাফ অফিসারবৃন্দ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন,  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সার্ভে অব বাংলাদেশ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রতিনিধিত্ব করবেন।

সম্মেলন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুরে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

ওই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

আগামী ২৯ ডিসেম্বর সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকভাবে শেষ হবে। আগামী ৩০ ডিসেম্বর বিএসএফ প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবে।

এমকে