‘আমরা বাচঁতে চাই, বেড়িবাঁধ রক্ষা করুন, আমাগো ভিটা-মাটি বাচাঁন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, এই স্লোগানের মাধ্যমে কলাপাড়ার উপজেলার পাঁচ শতাধিক নারী-পুরুষ উপকূলের বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমাবার বেলা ১১টার দিকে ওই উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের ভাঙনকবলিত বেড়িবাঁধের তীরে দাঁড়িয়ে তারা তাদের এ দাবি তুলে ধরেন।

এসময় মানববন্ধনে অংশ নেয়া নারী-পুরুষরা জানান, রমজানপুর বেড়িবাঁধের বাইরে ৮০০ ফুট প্রশস্থ ফসলী জমি ছিল কিন্তু ধীরে ধীরে তা নদীর গর্ভে বিলীন হয়ে এখন ফুলবুনিয়া লঞ্চঘাট থেকে ১ কিলোমিটার বাঁধ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী বর্তমান সাংসদ মাহাবুবুর রহমান তালুকদার রমজানপুরের ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করে বহুবার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি।

ভুক্তভোগীরা জানান, তারা দিনের বেলা কোনোভাবে পার করলেও রাত কাটে ভাঙন আতঙ্কের মধ্যে। কখন যে বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় এ আশঙ্কায় তাদের নির্ঘুম রাত কাটে।

ডালবুগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল রহমান মাওলানা বলেন, সামনের পূর্ণিমা ও অমাবশ্যার জোয়ারে বাঁধ ভেঙে কয়েক শ ঘরবাড়ি, ঘের, পুকুর, ফসলের খেত নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। বাঁধটি দ্রুত সংস্কার করা না হলে শ শ পরিবার তাদের বসতভিটা হারাবে।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই