রাজশাহী মহানগরীতে কোটি টাকার হেরোইনসহ নাজমুল হক (৩৮) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (০৪ জুলাই) সকালে মহানগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
সকালে তাকে আটক করা হলেও দুপুরে সংবাদ সম্মেলন করে সংবাদ মাধ্যম কর্মীদের এ তথ্য জানায় ডিবি পুলিশ।
নাজমুল হক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাটাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা বাইপাস সড়ক থেকে এক কেজি হেরোইনসহ তাকে আটক করা হয়।
তিনি বিক্রির উদ্দেশে গোদাগাড়ী থেকে হেরোইন নিয়ে ওই এলাকায় এসেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল এ কথা স্বীকার করেছেন।
এসি ডিবি ইফতে খায়ের আলম আরও জানান, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্যে এক কোটি টাকা। গোয়েন্দা কার্যালয়ে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তার বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এমকে





