ঢাকা থেকে সিমেন্ট নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে  নিখোঁজ হওয়া দু’ শ্রমিকের সন্ধান দাবিতে সোমবার চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

সোমবার সকাল ১০ টার বিকেলে সাড়ে ৩ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের বিশ্বরোড মোড়ে এলোপাথারিভাবে ট্রাক রেখে মহাসড়ক অবরোধ করে। প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে বিকেলে ২৯ নভেম্বরের মধ্যে ৫ দিন থেকে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের শর্তে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের ট্রাক চালক সাইফুল ইসলাম ও চালকের সহকারী আহাদুল ইসলাম ঢাকা থেকে সিমেন্ট নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে নিখোঁজ হন।টাঙ্গাইলের মির্জাপুরে থাকাকালিন পরিবারের সঙ্গে সর্বশেষ যোগাযোগ করে। এরপর থেকে তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মির্জাপুর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহন করতেও অস্বীকৃতি জানায়।

দু’ শ্রমিকের সন্ধান না পাওয়া ও মামলা গ্রহণে অস্বীকৃতির প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ শুরু করে। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে মহাসড়কের দু’ধারে আটক পড়ে সোনামসজিদ স্থল বন্দরের পণ্যবাহী ট্রাকসহ শত শত যান।

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

২৯ নভেম্বরের মধ্যে নিখোঁজ শ্রমিকদের সন্ধান না পাওয়া গেলে ৩০ নভেম্বর থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করবে বলে জানান শ্রমিক নেতা সাইদুর রহমান।

নাজিব