সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সীমা খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার চরকল্যাণী গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সীমা খাতুন (২৫) সদর উপজেলার চরকল্যাণী গ্রামের রুহুল আমিনের স্ত্রী এবং বেলকুচি উপজেলার মো. গুটুর মেয়ে।

তার স্বামী মারধরের পর শ্বাসরোধে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।

স্থানীয়রা জানান, বছর খানেক আগে আমিনের সঙ্গে সীমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। আমিন মাঝে-মধ্যেই তার স্ত্রীকে মারধর করতেন।

সদর থানার এসআই সেলিম আহম্মেদ জানান, শুক্রবার সকালে উপজেলার চরকল্যাণী গ্রাম থেকে সীমার লাশ উদ্ধার করা হয়। সে সময় তার স্বামী আমিন বা পরিবারের কোনো সদস্যকে খুঁজে পাওয়া যায়নি।

নিহতের শরীরে কয়েকটি জখমের চিহ্ন রয়েছে জানিয়ে এসআই সেলিম বলেন, ‘বৃহস্পতিবার রাতে মারধর ও শ্বাসরোধে হত্যার পর সীমার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ।

এসএইচ