কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশার ইউনিয়নের বাবুর্চি গ্রামে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আবুল হাসান নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শনিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা চক্ষু ইনিষ্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র‌্যাব-১১ এর মেজর খোরশেদ আলমের নেতৃত্বে সিভিল পোশাকে তিন সদস্য উপজেলার ঘোলপাশার ইউনিয়নের বাবুর্চি গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ শালুকিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে ফয়সালকে (৩০) আটক করে। এসময় মাদক ব্যবসায়ীরা ‘ডাকাত’ বলে চিৎকার দিলে গ্রামবাসী র‍্যাব সদস্যদের প্রতিহত করার চেষ্টা করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি আরো জানান, গ্রামবাসীর হামলার খবর পেয়ে র‍্যাবের অপর একটি ফোর্স ঘটনাস্থলে পৌছে এলোপাতাড়ি গুলি চালালে চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল হাসানের চোখে ও নাকে একাধিক গুলি লাগে।

র‌্যাব-১১ এর কমান্ডার মো. খোরশেদ আলম জানান, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।

এমএম