করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৭৪ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৯৯ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবে ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৬৯৮টি। এ পর্যন্ত দেশে মোট ৩৯ লাখ ৭১ হাজার ৫২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন মৃত ১৮ জনের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৮ জন। এখন পর্যন্ত দেশে করোনায় পুরুষ মারা গেছে ৬ হাজার ৩৩৫ জন ও নারী ২ হাজার ৩৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে দুজন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন। ১৮ জনের মধ্যে দুজন বাড়িতে ও ১৬ জন হাসপাতালে মারা গেছে।

এমবি