বগুড়ার সান্তাহার রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি। অভিযানে আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় নয় লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁস্থ বিজিবি ৪৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মুজিব সিকদারের নেতৃত্বে বিজিবি সদস্যরা সান্তাহার রেলস্টেশনে অভিযান চালায়। বিজিবি সদস্যরা চারপাশ থেকে স্টেশন ঘিরে ফেলার সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সরে পড়ে। এরপর বিজিবি সদস্যরা সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় পণ্য আটক করে। আটককৃত মালামালের মধ্য রয়েছে শাড়ি, কসমেটিক সামগ্রী এবং চাদরসহ শীতবস্ত্র।

বিজিবি ৪৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল মুজিব শিকদার ভারতীয় পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ