যশোরের বেনাপোলে এক যুবককে আটকে রেখে মারধর ও শরীরে সুচ ফুটিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দিবগত রাতে বেনাপোল বন্দরের টার্মিনাল পাড়ার খালেকের বাড়ি থেকে সোহেল (১৮) নামে ওই যুবককে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত যুবক একই গ্রামের সাজ্জাত হোসেনের ছেলে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

উদ্ধারকৃত যুবকের বাবা সাজ্জাত হোসেন জানান, তিনি বেনাপোলে একটি বাড়িতে ভাড়া থাকেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তিনি জানতে পারেন টার্মিনাল পাড়ার খালেকের বাড়িতে তার ছেলেকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে।

বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে রাতে সোহেলকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় খালেক পালিয়ে যায়। পরে পুলিশ খালেকের বাবাকে আটক করে থানায় নিয়ে আসেন।

তিনি অভিযোগ করেন, তার ছেলেকে বেঁধে রেখে মারধর ও শারীরে সুচ ফুটিয়ে নির্যাতন করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেল প্রশাসনকে খবর দিয়ে খালেকের চোরাচালান পণ্য ধরিয়ে দিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে খালেক তাকে ধরে নিয়ে নিজ বাড়িতে আটকে রেখে নির্যাতন করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, অভিযুক্ত খালেকের বিরুদ্ধে পুলিশ পেটানোসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এআই