চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় ব্যাপক ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে ছাত্রলীগ। জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের পর বুধবার দুপুর দেড়টায় চকবাজার এলাকায় গায়েবানা জানাজার আয়োজন করে জামায়াতে ইসলামী।
জানাজায় অংশ নিতে প্যারেড মাঠে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। এসময় হঠাত ছাত্রলীগ মাঠের আশপাশে ককটেল হামলা চালাতে থাকে। এক পর্যায়ে জানাযায় উপস্থিত মানুষ তা প্রতিহত করতে এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে ফাঁকা গুলি চালায় ছাত্রলীগ।
এর আগে বেলা পৌনে ১টায় মিছিল নিয়ে যাওয়ার সময় জানাজাস্থলের আশপাশে হামলা চালায় ছাত্রলীগ। এতে পুরো এলাকায় দোকানপাট, মার্কেট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গায়েবানা জানাজা বানচাল করতে ছাত্রলীগ চকবাজারে গুলি ও বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মাহমুদ উল্লাহ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। নিজামীর জানাজা উপলক্ষে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
এমআর





