বিএনপিতে 'ঘরের শত্রু বিভীষণ' রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা-কিশোরগঞ্জ-কাপাসিয়া সড়কে গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি এলাকায় নির্মিত রাজাবাড়ি ব্রিজ উদ্বোধন শেষে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ বিএনপি ভাঙার জন্য বিএনপিই দায়ী হবে। আমরা দায়ী হব না। বিএনপিতে ঘরের শত্রু বিভীষণ রয়েছে। এই বিভীষণেরা এখন সক্রিয়। আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই বিএনপিকে ভেঙে গণতান্ত্রিক পরিবেশকে নেতিবাচক করে তোলা।’
এ সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপির এক উদীয়মান নেতা নেতিবাচক রাজনীতি করছে। লন্ডনে বসে কয়েকদিন পর পর এক একটি শব্দ বোমা নিক্ষেপ করছেন। ওই শব্দ বোমায় বিএনপির নেতাকর্মীরাই দ্বিধান্বিত হয়ে পড়েছেন। তারা হতাশা হয়ে পড়েছেন। বিএনপিতে থাকবেন কি থাকবেন না— তারা এ নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন।’
১১ কোটি টাকা ব্যয়ে রাজাবাড়ি ব্রিজটি নির্মাণ করা হয়। এসময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট রহমত আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রাজেন্দ্রপুর সেনানিবাসে একটি ফুট ওভারব্রিজ উদ্বোধন করেন মন্ত্রী।
জেআই





