ফেরি বিকল হওয়ায় চাঁদপুর-শরীয়তপুর নৌপথের শরীয়তপুর ফেরিঘাটে ৩ শতাধিক ট্রাক আটকা পড়েছে। এ পথে মাত্র ২টি ফেরি চলাচল করলেও ট্রাকের চাপ সামলাতে পারছে না কর্তৃপক্ষ।

সোমবার সরেজমিন ঘুরে দেখা যায়, শরীয়তপুর ফেরিঘাটের অন্তত ২ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে তৈরি হয়েছে ট্রাকের জট।

ট্রাক চালকরা জানান, ফেরি সংকটের কারণে গত ৫-৬ দিন ধরে ঘাটে পারের অপেক্ষায় রয়েছেন তারা। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্রাইভাররা মানুষ না। মানুষ হলে এভাবে রাস্তায় রাস্তায় পড়ে থাকতে হতোনা। সরকার, মন্ত্রী এমপি কেউ তো আমাদের নিয়ে ভাবেনা।

খুলনা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা উজলা পরিবহনের চালক নাসির উদ্দিন বলেন, ৫ দিন ধরে আমি এ ঘাটে এসেছি। আজ রাতের মধ্যে পার হতে পারব কিনা জানিনা। এখানে থাকা-খাওয়ারও তেমন কোনো ব্যবস্থা নেই। গত ৫ দিনে যে কষ্ট করেছি তা ভাষায় প্রকাশ করতে পারব না।

অপর ট্রাক চালক রফিক জানান, গত ২ দিন আমি ঘাটে এসেছি। যেভাবে পারাপার হচ্ছে আরো ২ দিনেও পার হতে পারব কিনা জানিনা। ফেরি কিশোরীতে ৪/৫টি ট্রাক পার করতে পারে। কস্তুরি ফেরিতে ৭/৮টি ট্রাক পার হয়। এভাবে দিনে ৬০-৭০টি ট্রাক পার হলেও প্রতিদিন আরো ৫০/৬০টি ট্রাক এসে লাইনে দাঁড়ায়। এ রুটে ফেরি বৃদ্ধি না করলে আমাদের কপাল থেকে এ দুঃখ যাবেনা বলেও তিনি মন্তব্য করেন।

শরীয়তপুরের ঘাট সুপার আলাউদ্দিন মিয়া জানান, এ রুটে ৩টি ফেরি চলাচল করে। ঈদের দিন থেকে কামিনী ফেরিটি বিকল হয়ে পড়ায় এ জটের সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত কামিনী ফেরিটি সচল করতে।

ঘাট ইজারাদার জিতু মিয়া বেপারী জানান, এ ঘাটের ফেরিগুলো অনেক পুরোনো। তাই কয়েকদিন পরপর বিকল হয়ে পরে। এ ঘাটটি সচল রাখতে নুতন ফেরি দরকার। বিষয়টি বারবার ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও লাভ হয়নি।

ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই