নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বয়ক ফিদা মোনতাসির সাকেরের জামিন তিনমাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে এই সময়ের মধ্যে মামলা তদন্তকারী কর্মকর্তাকে তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের নির্দেশ দেয়া হয়। সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয়।

২০১৫ সালের জুন মাসে সাকেরকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরবর্তীকালে উত্তরার পশ্চিম ও ক্যান্টনমেন্ট থানায় পৃথক দুইটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের এই দুই মামলায় গত ৬ জুন হাইকোর্ট থেকে ছয়মাসের জামিন পান সাকের।

পরে রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে সময়ের আবেদন করে। আজ রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ উপরিউক্ত আদেশ দেয়।

এমএনজে