গাজীপুরের কালিয়াকৈরে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একটি নিটওয়ার কারখানার বর্জ্য পরিশোধানাগারে পড়ে তাদের মৃত্যু হয় বলে জানা যায়। তাদের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার ওই কারখানার ইটিপি অপারেটর রাজ্জাক ও সহকারী লাভলু গতকাল রাত আটটায় কাজ শেষে বাসায় ফেরার কথা ছিল।

তবে সকালে ওই দুইজন কাজে যোগ না দেওয়ায় তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি কারখানা কর্তৃপক্ষের নজরে আসে।পরে সকাল নয়টার দিকে কারখানার সকল বর্জ্য শোধানাগার খালি করলে তাদের দুইজনের লাশের সন্ধান পাওয়া যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ সকাল ১১টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৃত রাজ্জাকের বাড়ি যশোরের  সিদ্দিপাশা গ্রামে এবং লাভলুর বাড়ি গাইবান্ধার খাসবাড়ি গ্রামে বলে জানা গেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজহারুল ইসলাম জানান, কীভাবে ওই দুই শ্রমিক বর্জ্য শোধানাগারে পড়ে গেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ