মাদকসেবনের দায়ে ৪ জনকে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অশ্লীল কাজে সহযোগিতা করায় একটি আবাসিক হোটেল মালিককে ১০ হাজার টাকার অর্থদণ্ডাদেশ দেয়া হয়।

শনিবার রাত ৮টা পর্যন্ত বগুড়া শহরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া শহরের বৌবাজার এলাকার মো. আমিনুর (২৭), উত্তর চেলোপাড়ার রাজন শেখ (২৭), জেলার শাজাহানপুর উপজেলার খলিসাকান্দী এলাকার মো. লেমন (২৫) ও দুপচাচিয়া উপজেলার মো. মান্নান (৬৫)। অর্থদণ্ডপ্রাপ্ত দেয়া হয়েছে শহরের মাটিডালী এলাকার ‘হোটেল ক্যাসেল সোয়াদ’ কর্তৃপক্ষকে।

জেলা প্রশাসনের পেশকার আব্দুল জলিল জানান, কারাদণ্ডপ্রাপ্তরা সন্ধ্যা ৬টার দিকে চকসুত্রাপুর (সাবেক শ্রম আদালত চত্বর) এলাকায় হেরোইন সেবন করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ তাদের আটক করে। পরে মাদক আইনের একটি ধারায় আলাদাভাবে তিনমাস করে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া অশ্লীল কাজে সহযোগিতা করার দায় স্বীকার করায় ‘হোটেল ক্যাসেল সোয়াদ’ কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত প্রতিনিধি উজ্জ্বল হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এআর