পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, যেসব মাদ্রাসায় জামায়াতের লোকজন থাকবেন, সন্ত্রাসী কাজে জড়িতদের আশ্রয় দেয়া হবে, সেসব মাদ্রাসায় সরকার কোনো উন্নয়ন করবে না।
শনিবার রংপুরের গংগাচড়ায় বেতগাড়ী একরামীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমের ফলক উন্মোচনকালে এ কথা বলেন তিনি।
রাঙ্গা বলেন, “আমি গঙ্গাচড়ার উন্নয়নে ২০০ কোটি টাকা এনেছি। তা দিয়ে রাস্তাঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসার উন্নয়ন করব।”
জামায়াতের সমালোচনা করে সমবায় প্রতিমন্ত্রী বলেন, “শান্তির ধর্ম ইসলামের নাম ভাঙিয়ে জামায়াত এ দেশের ১৮০০ গাড়ি পুড়িয়েছে। ১২ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এরা সন্ত্রাসী। এদের কেউ আশ্রয় দেবেন না।”
তিনি দিনভর বেতগাড়ীর উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নির্মাণ ও হ্যান্ড ওয়াশিং ডিভাইসসহ ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য দেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুল ছাড়াও জাতীয় পার্টি ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএইচ





