জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ- জেএমবি’র কারারুদ্ধ আমির সাইদুর রহমান এখন সিলেট কারাগারে। ঢাকার হাই-সিকিউরিটি কাশিমপুর কারাগার থেকে শনিবার বিকেলে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারগারের সিনিয়র জেলা সুপার মো. কামাল হোসেন।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, সিলেটের টিলাগড়ের পূর্ব শাপলাবাগ সূর্যদীঘল বাড়ির বিস্ফোরক মামলায় রোববার জেএমবি’র আমির সাইদুর রহমানকে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হবে।
এজন্য শনিবার বিকেল ৫টার সময় কঠোর গোপনীয়তা ও নিরাপত্তায় ঢাকা কাশিমপুর কারাগার থেকে সাইদুরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।
রোববার সকালে তাকে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
২০০৬ সালের ২ মার্চ জেএমবি'র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান সিলেট নগরীর টিলাগড় শাপলাবাগের সূর্য দীঘল বাড়ি থেকে গ্রেপ্তার হন। পরে ওই সংগঠনের দায়িত্ব নেন মাওলানা সাইদুর রহমান।
পরে ২০১০ সালে ২৪ মে সোমবার রাতে পুলিশ সদর দফতরের একটি বিশেষ টীম, বিশেষ শাখার একটি টীম ও ঢাকা মহানগর পুলিশের একটি দল মিলে অভিযান চালিয়ে রাজধানীর শ্যামপুর থানার দনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তার অভিযানে মাওলানা সাইদুরের তৃতীয় স্ত্রীসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





