চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ বন্দর থেকে পুলিশ-বিজিবির প্রহরায় পণ্যবাহী ট্রাক রওনা দেয়ার পর অবরোধকারীরা ককটেল হামলা করে। এতে ট্রাক চালকের একজন সহকারী আহত হন।
শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পঞ্চম দিনে এ ঘটনা ঘটলো।
স্থানীয়রা জানায়, অবরোধে আটকে পড়া কয়েক'শ ট্রাকের মধ্যে শনিবার সকালে দ্বিতীয় দফায় ১৫টি পণ্যবাহী ট্রাক পুলিশ-বিজিবির প্রহরায় রওনা দেয়। এ সময় অবরোধকারীদের কয়েক দফা ব্যারিকেটের মুখে পড়ে তারা। পরে অবরোধকারীরা ১০/১২ ককটেল নিক্ষেপ করে। এতে ট্রাকচালকের সহকারী সোহেল রানা আহত হন। পরে নির্দিষ্ট গন্তব্যস্থলে ট্রাকগুলি চলে যায়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, পুলিশ-বিজিবির প্রহরায় ট্রাক রওনা দেওয়ার পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় তবে এ ঘটনায় কেউ আহত হননি।
শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান বন্দর থেকে পণ্যবাহী ট্রাক রওনা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৮ জানুয়ারি পুলিশ-বিজিবির প্রহরায় পিয়াজসহ ৮১টি পণ্যবাহী ট্রাক বন্দর থেকে ছেড়ে যাবার সময় তিনটি ট্রাকে আগুন দেয়া হয়। এতে এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়।
কেএইচ





