বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।
আজ শনিবার বঙ্গভবনে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ঈদুল ফিতর সমাজের ধনী-দরিদ্র, উচ্চবিত্ত ও সুবিধাবঞ্চিত সব মানুষকে এক কাতারে শামিল করে। তাদের আনন্দ ভাগাভাগি করে নেয়। শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ বিনির্মাণে ঈদ-উল ফিতরের ভূমিকা অনন্য।
শুভেচ্ছাবিনিময়ের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তার স্ত্রী রাশিদা খানম ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি এস কে সিনহা সপরিবারে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, তিন বাহিনী প্রধান, সচিব, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়িক প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিল্পী-সাহিত্যিকসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও এতে যোগ দেন।
এআই/





