রাজধানীর গেন্ডারিয়ার ঢালকানগরে খালার বাসায় বেড়াতে এসে এক গৃহবধূ (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী অভিযোগ করেন, সাংবাদিক-পুলিশ পরিচয় দিয়ে স্থানীয় চার বখাটে এ অপকর্ম করেছে।

বুধবার বিকেলে ওই গৃহবধূকে মেডিক্যাল পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, এক বছর আগে আলি আকবর নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই গৃহবধূর। আলি আকবর পেশায় রিকশাচালক। ওই গৃহবধূ চার-পাঁচদিন আগে স্বামীর সঙ্গে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টুংগীপাড়া থেকে গেন্ডারিয়া এলাকায় খালার বাসায় বেড়াতে আসেন। এখানে একটি বাসার চতুর্থ তলায় ভাড়া থাকেন গৃহবধূর খালা।

ভুক্তভোগীর খালা সেলিনা বেগম অভিযোগ করেন, গত শনিবার স্থানীয় চার বখাটে যুবক সাংবাদিক ও পুলিশ পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে।

এ সময় ঘরে পুরুষ মানুষ না থাকায় তাদের অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ওই গৃহবধূকে পাশের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই বখাটেরা অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে কাউকে এ ঘটনা না জানানোর জন্য শাসিয়ে যায়।

তিনি জানান, বিষয়টি ভুক্তভোগীর স্বামীকে প্রথমে না জানালেও গতকাল মঙ্গলবার জানানো হয়। পরে ভুক্তভোগীর স্বামী বিষয়টি থানাতে জানাবেন বলেন এবং গৃহবধূকে মেডিক্যাল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠাতে বলেন। এরপর গৃহবধূকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ওই বখাটেদের দেখলে চিনতে পারবেন বলেও জানান ভুক্তভোগী।

এমকে