বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনালের আজিজ আহমদ বলেছেন, আমার সৈনিকরা আক্রান্ত হলে অবশ্যই গুলি করবে। কারণ তাদের কাছে অস্ত্র ছাড়া আর কিছুই নেই। তাই তারা যখন আক্রান্ত হবে-তা সীমান্তে হোক বা অন্য কোথাও হোক-তখন অস্ত্র ব্যবহার করবে।
রোববার দুপুরে রংপুরে বিজিবির আঞ্চলিক সদরদফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার আমাদের জনগণের নিরাপত্তা বিধানের দায়িত্ব দিয়েছে। সন্ত্রাসীরা আমাদের সৈনিকদের সামনে পড়লে অবশ্যই তাদের নিবৃত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আজিজ আহমদ বলেন, জনগণকে রক্ষা করা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে। এ কর্তব্য পালনে গুলি করতে হলে সেটাও করতে হবে।
এর আগে, তিনি বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের সদরদফতরের নবনির্মিত ভবনগুলোর উদ্বোধন করেন। ভবন উদ্বোধনের পর গাছের চারা রোপণ করেন তিনি। পরে আজিজ আহমদ নবনির্মিত ভবনগুলো ঘুরে দেখেন।
জেএ





