বিএনপি চোখ থেকেও অন্ধ হয়ে আছে, কারণ তারা কোন মহাসড়ক তৈরি করেনি, টোল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শন এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্ট হিসেবে বাস র‌্যাপিড প্রজেক্টের কাজ ২০২১ সালের জুন নাগাদ শেষ হবে।

 

মন্ত্রী ব‌লেন, ‌বিএন‌পির আমলে দেশ কোনো রাস্তা-সড়‌কের মুখ দে‌খে‌নি। বর্তমা‌নে ফ্লাইওভার, বাস র‍্যাপিড ট্রানজিট, মে‌ট্রো‌রেল, ফোর লেন হ‌চ্ছে। এগু‌লো তারা স্ব‌প্নেও দে‌খে‌নি কোনোদিন।

 

সড়‌কে টোল আদায়ের বিষয়ে মন্ত্রী ব‌লেন, টোল দি‌লে রাস্তা চলাচ‌লের যে সুবিধাটুকু জনগণ পা‌বে, পৃ‌থিবীর সব দে‌শেই সেই ব্যবস্থা আ‌ছে। এই যে নতুন নতুন ফোর লেন, সিক্স লেন ও আট লেন, সবগুলো রাস্তার কিন্তু টোলের ব্যবস্থা আ‌ছে।

জনগণ যে রাস্তা‌টি ব্যবহার কর‌ছে, এটা কিন্তু মেরামত কর‌তে হ‌য়, সংস্কার করা দরকার হয়। তো সংস্কারের টাকাটা কোথা থে‌কে আস‌বে? সরকার বাব বার শুধু নতুন নতুন রাস্তা কর‌বে? সেই রাস্তার ব্যবহার যারা কর‌বে তা‌দের কোনো দায়-দা‌য়িত্ব নেই? এটা পৃ‌থিবীর কোনো দে‌শেই নেই।

 

ওবায়দুল কাদের বলেন, রংপুরের উপনির্বাচনে বিএনপি অংশগ্রহন করছে, আমরা তাদের স্বাগত জানাই। আশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে। নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন এবং সড়ক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এএস