যশোরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত স্বেচ্ছাসেবক লীগের সভাপতির নাম আব্দুল মান্নান (৪৫)।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডস্থ দৈনিক রানার পত্রিকা অফিসের পাশে প্রকাশে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল মান্নান বেজপাড়া শহীদ মাহফুজ সড়কের আব্দুল মজিদের ছেলে । বিকালে শহরের বেজপাড়া রানার অফিস মোড় এলাকায় নিজস্ব ঠিকাদারি ব্যাবসা প্রতিষ্ঠানে বসেছিলেন আব্দুল মান্নান।

এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসে ঢুকে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে। গুলি তার গলায় বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অস্ত্রধারী দুর্বৃত্তরা তার অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। তবে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন জানান, দুর্বৃত্তরা আব্দুল মান্নানকে গুলি করে ফেলে রেখে যায়। হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। পুলিশ হত্যাকান্ডে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে।

এদিকে প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাৎক্ষনিকভাবে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন শহরে বিক্ষোভ মিছিল করেছে তাৎক্ষনিক ভাবে এই হত্যাকান্ডের প্রকৃত কারন জানা সম্ভব হয়নি। তবে নির্ভরশীল একাধিক সূত্র বলছে এই হত্যাকান্ডের পিছনে ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্ব ও শত্রুতা কাজ করেছে।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ