নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার অভিযোগে একটি কেন্দ্রে ভোটগ্রহণ ফের স্থগিত করা হয়েছে।

সোমবার ভোর রাতে উপজেলার নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে নেয়ার চেষ্টা করেন। এসময় ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দেয়ার চেষ্টা করেন তারা। এতে ওই কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয় বলে জানান নোয়াখালী জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মনির হোসেন।

নলদিয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ নূরুল আমিন জানান, সকাল ৮টা থেকে ওই কেন্দ্রে ফের নির্বাচনের কথা ছিল। কিন্তু কয়েকজন স্থানীয় লোক গভীর রাতে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেয়। এ কারণে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ভোট স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল ওহাবের লোকজন গভীর রাতে কেন্দ্রটি দখল করার চেষ্টা করছিলেন। তারা কেন্দ্রের আশপাশের সড়কগুলো কেটে রাস্তা বন্ধ করে দেয়। পরে তারা কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারে।

গত ২৮ মে নবীপুর ইউপি নির্বাচন হয়। ওই সময় নবীপুর ইউনিয়ন পরিষদের নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এই কেন্দ্রে মোট ভোট এক হাজার ৫৯৬টি।

এমবিএইচি