সুনামগঞ্জের পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে রবিবার দুপুর সোয়া ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, রবিবার বিকেল ৩টার দিকে ওই হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে। তাৎক্ষণিক আটকদের পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, মেয়র আবুল কালাম চৌধুরী ছাতক থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে পৌঁছলে প্রতিপক্ষের লোকজন তার গাড়িতে হামলা চালায়।

প্রসঙ্গত, ১৮ জুন গোবিন্দগঞ্জ পয়েন্টে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

ওই সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় কালাম গ্রুপের তিন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে। পরে গোবিন্দগঞ্জ পয়েন্টে অভিযান চালিয়ে একটি শটগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এমকে