চট্টগ্রামের বাকলিয়া থানার চাকতাই ও রাহাত্তার পুল এলাকায় ঝটিকা মিছিল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার যুদ্ধাপরাধী সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের চূড়ান্ত রায়কে প্রত্যাখান করে তারা এ মিছিল করে।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সম্মান প্রথম বর্ষের কাজী ফখরুদ্দীন ওরফে বুলবুল (২২) এবং বেসরকারি পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র আমান উল্লাহ (২২)।

এদের মধ্যে বুলবুলকে চাকতাই ও আমানকে রাহাত্তার পুল এলাকা থেকে আটক করা হয়েছে বলে ‍নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি মো. মহসিন।

তিনি জানান, দুপুর দুইটার দিকে শিবির কর্মীরা জড়ো হয়ে নগরীর চাকতাই এলাকায় ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শিবির কর্মীরা পালিয়ে যায়। তবে, ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশ।

পরে রাহাত্তার পুল এলাকায় জড়ো হয় শিবির নেতা-কর্মীরা আবারো ঝটিকা মিছিলের চেষ্টা চালালে পুলিশ তাদের ফের ধাওয়া দেয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও এক শিবির নেতাকর্মীকে আটক করে পুলিশ সদস্যরা।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ