শরীয়তপুরের গোসাইরহাটে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দাদন লস্কর (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধায় গোসাইরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান।
স্থানীয় ও রোগীর স্বজনদের সূত্রে জানা যায়, গোসাইরহাটের ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের দাদন লস্কর ডেঙ্গু রোগে আক্রান্ত হলে স্বজনরা গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকালে ওই রোগীর অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা। কিন্তু হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও ড্রাইভারকে খুঁজে না পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে আনতে বিলম্ব করে স্বজনরা। পরে সন্ধার দিকে তার মৃত্যু হয়। সে স্থানীয় কলেজের অনার্সের ছাত্র।
গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. ইব্রাহিম খলিল জানান, কোন রকম ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়নি। বিকাল ৫টার দিকে তাকে শরীয়তপুরে রেফার্ড করা হলেও রোগীকে নিতে দেরি করেছে স্বজনরা। এতে ওই রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া ওই স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ৪জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে বলে জানায় এ চিকিৎসক।
জেড





