রাজধানীর গুলশান-১’র ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লেগেছে। পাশের শপিং সেন্টারের ৩য় তলায়ও আগুন ছড়িয়ে পড়েছিল।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী।
আজ (৩০ মার্চ) শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ধোঁয়ার কাছেও যাওয়া যাচ্ছে না।

গত বছরের ২ জানুয়ারি একই জায়গায় আগুন লেগেছিল। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসে বলেন, আপনারা জানেন এর আগেও এখানে আগুন লেগেছিল। কেন বারবার এই আগ্নিকাণ্ড হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে। এখন সময় এসেছে স্থায়ী সমাধান করার।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর শুনে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। পরে অন্য ইউনিট যোগ দেয়। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।
বনানীর অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ২৫
রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে আটকা পরে অনেক মানুষ। আর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ভবনটির ৯তলা থেকে।
বৃহস্পতিবারের (২৮ মার্চ) অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবীর ভূমিকা রাখছেন। আশপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় দমকর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে অসংখ্য সাধারণ মানুষকে।
এমবি





