নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক স্কুলছাত্র মারা গেছে। শনিবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।
নিহত মোহাম্মদ আলী বংশালের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুলের নবম শ্রেণির ছাত্র। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ বলেন, মোহাম্মদ আলীসহ সাত ছাত্র দুপুরে ক্যাম্পাসে বেড়াতে আসে। নিষেধের পরও তাদের চারজন পুকুরটিতে গোসল করতে নামে। পরে তিনজন উঠে আসলেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
তিনি বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে তাকে উদ্ধার করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পুকুরে গত বছরের ১৩ মে পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র হায়দারী মেহফুজ উল্লাহ রাহী মারা যান। তারপর থেকে সেখানে গোসল করতে নামার ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত সাইনবোর্ড টানানো আছে।
আমজাদ আলী বলেন, সাইনবোর্ড থাকার পরও তাদের পুকুরে নামতে নিষেধ করা হয়েছিল। তারপরও তারা গোসল করতে নামে। এতে তার মৃত্যু হয়েছে- এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক, কাম্য নয়।
এমবিএইচ





