ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিফাত হোসেন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রিফাত হোসেন বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গাজীপুরে।
আজ রোববার দুপুরের পর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবীর মারা যান। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখনো চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘তার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। রিফাত হাসপাতালে ভর্তির পর থেকেই আমরা নিয়মিত খোঁজখবর নিয়েছি। ডাকসুও সহযোগিতা করেছে।
প্রক্টর জানান, রিফাতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতারে ভর্তির হার কিছুটা কমলেও এখনো প্রতিদিনই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রবিবারও ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজছাত্র এবং নোয়াখালীতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এএস





