লক্ষ্মীপুর সদর উপজেলায় এক ছাত্রলীগ কর্মী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। নিহত ছাত্রলীগ কর্মীর নাম  মামুন হোসেন (২৫) বলে জানা যায়।

সোমবার দিনগত রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ ইউয়িনের আমানী লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মামুনের বাবার নাম আবু তৈয়ব। আমানী লক্ষ্মীপুর গ্রামের তাদের বাড়ি বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত ৯ টার দিকে বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে দুর্বৃত্তরা মামুনকে গুলি করে। গুলির শব্দ শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা দৌড়িয়ে পালিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালীর হাসপাতালে নেওয়ার পথে মামুনের মৃত্যু হয়।

নিহত মামুন ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলেও তার পরিবারের লোকজন জানান।

জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, মামুন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল বলে জানান তিনি।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউসার বলেন, নিহত মামুনের নামে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার পরও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও খুনিদের গ্রেফতার করা হবে।

এসএইচ/এমকে