সংঘর্ষের আশঙ্কায় চট্টগ্রামে জাতীয় পার্টির ইফতার মাহফিল বাতিল করেছে হোটেল পেনিনসুলা কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মহানগর কমিটিকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরে গণমাধ্যমে পাল্টাপাল্টি বিজ্ঞপ্তি ও অবস্থানের প্রেক্ষিতে হোটেল কর্তৃপক্ষ এ অনুষ্ঠান বাতিল করে।
এর আগে নগরীর সভাপতি দাবিদার সোলায়মান আলম শেঠ হোটেল পেনিনসুলায় ইফতার পার্টি আয়োজন করে। কর্তৃপক্ষের এক নোটিশের বিষয়টি জানানো হয়।
পেনিনসুলার নোটিশে বলা হয়, বিবাদমান দু’টি গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সোলায়মান আলম শেঠের ইফতার মাহফিল বাতিল করতে হোটেল কর্তৃপক্ষ বাধ্য হয়েছে।
চার তারকা বিশিষ্ট অভিজাত এ হোটেলে দেশ-বিদেশের ব্যবসায়ী, প্রতিনিধি, এয়ারলাইন্সের ক্রুসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করেন। তাদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ইফতার মাহফিল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্তের জন্য হোটেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে নোটিশে উল্লেখ করে, সংঘর্ষের ঘটনা ঘটলে হোটেলের পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রামের ভাবমূর্তি বিনষ্ট হতো। এ নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগ নেই।
প্রসঙ্গত, গত পাঁচ জুন নগর জাতীয় পার্টির পুরোনো কমিটি ভেঙ্গে দিয়ে করে আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় সংগঠন। ১০১ সদস্যের ওই কমিটিতে সংসদ সদস্য মাহজাবীন মোরশেদকে আহ্বায়ক করা হয়।
এ কমিটি গঠনের পর নবগঠিত আহ্বায়ক কমিটিকে অগ্রাহ্য করে নিজেকে সভাপতি দাবির মাধ্যমে বিভিন্ন সভা-সমাবেশ করার চেষ্টা চালিয়ে আসছেন সোলায়মান আলম শেঠ।
কমিটি গঠনের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেঠ দাবি করেন, দলীয় প্রধান তাকে আশ্বস্ত করেছেন যে, নগর জাতীয় পার্টিতে নতুন কোনো কমিটি দেওয়া হয়নি। পূর্বের কমিটি বহাল আছে।
এ অবস্থায় সোলায়মান আলম শেঠের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।
তিনি বলেন, আমরা পুরো ব্যাপারটি পর্যবেক্ষণ করছি। কেউ যদি দলের গঠনতন্ত্র অমান্য করে কিংবা লঙ্ঘন করে কোনো বক্তব্য দেয় তাহলে তার বিরুদ্ধে গঠনতন্ত্রের ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম//জেইউ





