লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়াকে মোবাইল ফোনে হুমকি দিয়েছে তালিকাভুক্ত আসামি মাসুম বিল্লাহ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এএসপির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে এ হুমকি দেয়া হয়।
এএসপি (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তার কাছে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে মাসুম বিল্লাহ পরিচয় দিয়ে পুলিশকে বেশি বাড়াবাড়ি না করার পরামর্শ দেন। বাড়াবাড়ি করলে পরিণাম ভালো হবে না বলে হুমকি দিয়ে অপর প্রান্ত থেকে লাইনটি কেটে দেয়া হয়।
তিনি আরও জানান, রাত ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর বাজারে একটি স্বর্ণের দোকানে ডাকাতি করে অস্ত্রধারী দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, তালিকাভুক্ত চিহ্নিত আসামি মাসুম বিল্লাহ ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশ ওই এলাকায় যায়। সেখান থেকে বাসায় ফিরে আসার পর তাকে ফোন করে হুমকি দেয়া হয়।
কেএইচ





