বগুড়ার গাবতলী উপজেলায় হাসান মাহমুদ তাহের নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)২৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন।

তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার বিকাল ৪টায় জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

নিহত পুলিশ কর্মকর্তা গাবতলী থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। তিনি গাইবান্ধা জেলা সদরের খোলাহাটি গ্রামের আফজাল হোসেন সরকারের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ৩ সেপ্টেম্বর রাত আড়াউটার দিকে হাসান রাত্রীকালীন টহল-পাহারায় দায়িত্বরত ছিলেন। এসময় গাবতলী থানাধীন শুখানপুকুর কালভার্টের উপর মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।

পরে বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া পুলিশ লাইন্স মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় বগুড়া জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তার কাছের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ