গাজীপুরে র্যাবের জ্যাকেট পরা কয়েকজনের পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে ঘটনার প্রত্যক্ষদর্শী এক দোকান মালিক অভিযোগ করেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে র্যাবের কর্মকর্তারা বলেছেন, অজ্ঞাত পরিচয় কয়েকজনের হামলায় আহত যুবককে উদ্ধার করে তারা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের দক্ষিণ ফটকের পাশে হামলায় নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ৩৪/৩৫ বছর বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ওই এলাকার ‘মা বিরানী হাউজ’র মালিক জোবায়ের বলেন, সন্ধ্যা পৌণে ৬টার দিকে তার হোটেলে তিন যুবক বসে খাবার খান।
“খাওয়া শেষে হোটেল থেকে বের হওয়ার আগ মুহূর্তে কয়েকজন ব্যক্তি সাদা পোশাকে র্যাবের জ্যাকেট পরে হোটেলে ঢুকে ওই তিনজনকে মারধর শুরু করে। এসময় দুইজন পালিয়ে গেলেও একজনকে ধরে বেধড়ক মারধর করতে থাকলে সে মেঝেতে পড়ে যায়। তারপরও তাকে লাথি ও পা দিয়ে পিষে পিষে মারতে থাকে।”
এক পর্যায়ে হামলাকারীদের একজন একটি নম্বরে ফোন করে সেখানে আসতে বলেন জানিয়ে জোবায়ের বলেন, “এর কিছুক্ষণ পরে র্যাবের কালো পোশাকে লোকজন এসে গুরুতর আহত ওই যুবককে তাদের গাড়িতে নিয়ে যায়।”
এ বিষয়ে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাকসুদ বলেন, বুধবার বিকালে র্যাব সদস্যরা চান্দনা-চৌরাস্তা এলাকায় টহল দিচ্ছিলেন। এমন সময় তারা কয়েকজনকে এক যুবককে মারধর করতে দেখেন।
“র্যাব সদস্যরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
র্যাব-১ এর ডিএডি অপূর্ব চক্রবর্তী সাংবাদিকদের বলেন, নিহত যুবক একজন ছিনতাইকারী।
“পিটুনির খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তারা হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম বলেন, নিহতের দুই উরুতে ও ঘাড়ের বাঁ পাশে জখমের চিহ্ন রয়েছে।
“প্রাথমিকভাবে ক্ষতগুলো গুলির মত মনে হয়নি। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা বলা যাবে।”
এএইচ





