ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে পুলিশের সকল পর্যায়ে ছুটি বাতিল করা হয়েছে। আগামী ২০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।
এ ছাড়াও পহেলা বৈশাখকে সামনে রেখে সারাদেশে পুলিশ ও র্যাবকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। পুলিশের শীর্ষ পর্যায়ের এক পর্যালোচনা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুলিশ সদর দফতরের একটি সূত্র জানায়, এ মাসেই তিন সিটি করপোরেশন নির্বাচন, বাংলা নববর্ষ ও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সবগুলোই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। এসব অনুষ্ঠান ও খেলা যাতে নিরাপদে উদযাপিত হতে পারে সেজন্য দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
সোমবার পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বলেন, তিনটি সিটি করপোরেশন নির্বাচনে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও ধরনের ব্যাঘাত না ঘটে। সেজন্য সবাইকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
আইজিপি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতার কারণে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। পহেলা বৈশাখকে ঘিরে জঙ্গি ও সন্ত্রাসীদের অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সূত্র জানায়, তিন সিটি নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৩১ হাজার পুলিশ সদস্যকে বাছাই করা হয়েছে। এর বাইরে র্যাব ও সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে বিজিবিও মোতায়েন করা হতে পারে।
নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের নজরদারীর কথাও বলা হয়েছে বৈঠকে। পুলিশের শীর্ষ কর্মকর্তারা মত দেন, যে প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ফৌজদারি মামলায় অভিযোগ রয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় নিতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়াও যাদের কাছে বৈধ অস্ত্র রয়েছে সেগুলোর যাতে অবৈধ ব্যবহার না হয় সেজন্যও সংশ্লিষ্ট সবাইকে নজরদারী করতে বলা হয়েছে।
দেশব্যাপী অপহরণ, খুন, ছিনতাই, চাঁদাবাজি, নারী ও শিশু পাচার, অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধারসহ সামগ্রিক আইনশৃঙ্খলার বিষয়েও পর্যালোচনা সভায় আলোচনা হয়েছে বলে জানান বৈঠকে উপস্থিত কয়েকজন কর্মকর্তা।
দেশের সার্বিক অপরাধ পর্যালোচনা বৈঠকটিতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি নাইম আহমেদ, এসবির অতিরিক্ত আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, পুলিশ স্টাফ কলেজের রেকটর ফাতেমা বেগম, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) মো. আবুল কাশেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেআই





