ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শরীয়তপুরের দৈনিক রুদ্রবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ জাবেদের স্ত্রী শারমিন আক্তার (৩০) ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
গেল ২৪ আগস্ট জ্বর হলে শারমিন আক্তার ও তার ছেলে তামজিদ শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন। তামজিদের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
তামজিদ ও শারমিনকে গেল ২৫ আগস্ট ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গিয়ে শারমিন আক্তার আরও বেশি অসুস্থ হয়ে পড়লে গতকাল বুধবার রাতে চিকিৎসকরা তাকে আইসিইউতে নিবির পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন।
পরে তাকে সেন্ট্রাল হসপিটালে নিয়ে আইসিওতে রাখা হয়। সেখানে রাত ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে ছেলে তামজিদকে চিকিৎসা করাচ্ছেন জাবেদ শেখ।
জাবেদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে হলেও তিনি ১৯৮৫ সাল থেকে শরীয়তপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ধানুকা এলাকায় বসবাস করে আসছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গেল ২৪ ঘণ্টায় ১১ শতাংশ কমেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১৫৭ জন ভর্তি হয়েছেন। সারা দেশে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ২২২ জন। যা আগের দিনের তুলনায় ২ শতাংশ কম।
এএস





