করোনাভাইরাস সারা বিশ্বে বড় রকমের আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এ ভাইরাসের প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখনো বাতিল হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার (০৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী এইসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, “করোনাভাইরাসের কারণে মুজিব বর্ষ উদ্‌যাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে। তবে এখন পর্যন্ত কেউই সফরসূচি বাতিল করেননি। শুধু একজন অতিথি অন্য কারণে আসতে পারবেন না বলে জানিয়েছেন।”

তিনি আরও বলেন, “এ ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ। আমরা অত্যন্ত সতর্কতা মেনে চলছি। আমন্ত্রিত অতিথিরা সবাই আসবেন বলে আমার ধারণা।”

এসময় সাবেক সাংসদ শাফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবি