সম্প্রতি সারাদেশে ভূমিকম্পের পর বান্দরবান শহরের বনানী স-মিল এলাকার একটি চারতলা ভবন হেলে পড়েছে। আজ মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয়রা জানান, তিন বছর আগে ওই এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী শেখ মুজাফফর আহম্মদ কোনো পাইলিং ছাড়াই সাংঙ্গু নদীর তীরে ভরাট করা মাটির ওপর চারতলা ভবনটি নির্মাণ করেন।

গত বুধবার ভূমিকম্প হলে ভবনটির নিচের অংশে ফাটল দেখা দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এর মধ্যে ভবনটি পাশের আরেকটি পাঁচতলা ভবনের দিকে হেলে পড়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি সবার নজরে এলে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হয়।

তবে শেখ মুজাফফর আহম্মদের স্ত্রী জুলেখা বেগম ভবন হেলে পড়ার বিষয়টি অস্বীকার করেছে। ভবনটি নির্মাণের পর থেকে এমন অবস্থাই ছিল বলে দাবি করেন তিনি।

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, ভবনটি কতোটুকু ক্ষতিগ্রস্ত তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তরাও ভবনটি পরিদর্শনে যান। তবে হেলে পড়া ভবন থেকে এখনো কাউকে সরিয়ে নেওয়া হয়নি।


এসএম