সম্প্রতি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায়ে বাতিল হওয়া বিচারকদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে রোববার জাতীয় সংসদে যে আলোচনা-সমালোচনা হয়েছে, এসব আলোচনা করার এখতিয়ার এমপিদের নেই বলে মন্তব্য করেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিচার বিভাগের স্বাধীনতা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক।
ড. শাহদীন মালিক বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে রায়ের আলোচনার এখতিয়ার সংসদ সদস্যদের নেই। এটি নিয়ে আলোচনা করে তাঁরা নিজেরাই নিজেদের নিয়মকানুন ভঙ্গ করেছেন। তিনি সংসদের ওই আলোচনা ইউটিউব থেকে ডাউনলোড করে সংসদ সদস্যদের দেখার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, তাহলে উপলব্ধি হবে, তাঁরা আসলে কী করেছেন।
গোলটেবিলের সঞ্চালক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংসদের কার্যপ্রণালি বিধির ৫৩, ৬৩, ও ১৩৩ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সংসদে আলোচনা করা যাবে না। এই বিধি সংসদপ্রণীত একটি আইন। সংসদ সদস্যরা নিজরাই তাঁদের করা এই আইন মানেন না। এটা দুঃখজনক।
সৈয়দ আবুল মকসুদ বলেন, কোনো দেশের বিচারব্যবস্থা সে দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার বাইরে নয়। এটা সব আমলেই যা ছিল এখনো তা-ই। বিচার বিভাগের স্বাধীনতার কথা এ জন্যই বারবার বলা হয়, যাতে রাষ্ট্রের শক্তিশালী ব্যক্তিটির সঙ্গে সবচেয়ে দুর্বল ব্যক্তিটিও ন্যায়বিচার পায়।
গোলটেবিল আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বক্তব্য রাখেন।





