রাজধানীতে ঈদের ছুটিতে পরিবার নিয়ে বোনের বাসায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর রুস্তমনগর বেড়িবাঁধ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহত হন স্ত্রী ফারিহা আক্তার নূপুর (৪০)। এ ঘটনায় স্বামী আবুল কাশেমসহ (৫০) দুই সন্তান মবিনুল ইসলাম (১০), উম্মে নূর (০৬) আহত হয়েছেন। নূপুর স্বামী ও সন্তানদের নিয়ে আশুলিয়ায় থাকতেন। তার স্বামী কাশেম তিতাস গ্যাস কোম্পানিতে ঠিকাদারের কাজ করেন।
নিহতের বড় বোন পারভীন সুলতানা জানান, ঈদের ছুটিতে নূপুর ও তার পরিবার ফার্মগেটের মণিপুরীপাড়া এলাকায় তাদের বাসায় আসেন। সেখান থেকে বিকালে বেরিয়ে আশুলিয়ার উদ্দেশে রওনা হন। সিএনজিযোগে বাসায় ফেরার পথে রুস্তমনগর বেড়িবাঁধ এলাকায় পিকআপের ধাক্কায় চারজনই গুরুতর আহত হন।
তিনি আরও জানান, পরে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নূপুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আহত তিনজন সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান বড় বোন পারভীন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কেএইচ





